নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই-প্রু চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে। তিনি বলেন, ৭৫ এর ১৫ আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যার পর বাংলাদেশের সঠিক ইতিহাস বারবার বিকৃত করা হয়েছে, তাই নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ সমৃদ্ধ সঠিক ইতিহাস তুলে ধরতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি জেলা শাখা আয়োজিত শিশু-কিশোরদের নিয়ে ২দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই-প্রু চৌধুরী এসব কথা বলেন।
রবিবার রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার সভাপতি মনসুর আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহ এমরান রোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি প্রেস ক্লাবের প্রাক্তণ সভাপতি প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমদ, রাঙামাটি জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ রফিকুল মাওলা, রাঙামাটি আর্ট একাডেমির পরিচালক রেজাউল করিম রেজা, রাঙামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান, রাঙামাটি জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সুজন বড়–য়া, রাঙামাটি শহর যুবলীগের সভাপতি মোঃ আবুল খায়ের রাফি প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই-প্রু চৌধুরী আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে যে স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পেন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর সারা বাংলাদেশের মতো পার্বত্য চট্টগ্রামে ও সমানতালে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে। বাংলাদেশের চলমান অগ্রযাত্রার পথে সরকারকে সহযোগিতা করতে সকলের প্রতি আহবান জানানো হয়।
সাংস্কৃতিক প্রতিযোগিতার ১ম দিন শিশু-কিশোরদের নিয়ে চিত্রাংকন ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রায় ৫শতাধিক শিশু-কিশোর অংশগ্রহন করে। ১৫মার্চ সাংস্কৃতিক প্রতিযোগিতার ২য় দিন বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক হাজী মোঃ মুছা মাতব্বর।
১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উদ্যোগে রাঙামাটি প্রেস ক্লাব হতে জেলা আওয়ামীলীগ কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র্যালি, দলীয় কার্যালয়ে আলোচনাসভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বৃক্ষ রোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার প্রধান উপদেষ্টা দীপংকর তালুকদার এমপি।
