জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রামে অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে জনপ্রিয় করার মানসে সোমবার পার্বত্য চট্টগ্রামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব-২০২১।
আগামী ১১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য এই উৎসব সম্পর্কে বিশদ ধারণা দিতে শনিবার শেষ বিকেলে নিজেদের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেছে আয়োজনকারি প্রতিষ্ঠান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা জানিয়েছেন, ‘টেকসই পর্যটনখাত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধানক্ষেত্র হতে পারে। বিশেষ করে অ্যাডভেঞ্চার পর্যটনে দেশ বিদেশের মানুষকে আকৃষ্ট করতেই এই আয়োজন,যা দেশের জাতীয় অর্থনীতিতেও বিপুল ভূমিকা রাখতে পারে।’
এই উৎসবে থাকছে পর্বারোহন,নৌবিহার,কায়াকিং,হাইকিং,ট্রেইল রান,টিম বিল্ডিং,ট্রেজার হান্ট,ট্রেকিং,ক্যানিওনিং,ট্রি ট্রেইল,রোপ কোর্স,মাউন্টেইন বাইক,জিপলাইন,রেপলিং,দর্শনীয় স্থান পরিদর্শন ও কেস ডিসকভারি।
পার্বত্য চট্টগ্রামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে দেশীয় ও আন্তর্জাতিকভাবে উপস্থাপন করার পাশাপাশি রোমাঞ্চপ্রিয় তরুণদের উৎসাহ প্রদানের মাধ্যমে চ্যালেঞ্জিং এইসব ইভেন্টে তাদের অংশগ্রহণ এবং পার্বত্যাঞ্চলের পর্যটকের অপার সম্ভাবনাকে কাজে লাগাতেই এই অ্যাডভেঞ্চার ট্যুরিজম বিকাশের উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, বোর্ডের বাইস চেয়ারম্যান নুরুল আমিন নিজামী, সদস্য (পরিকল্পনা) প্রকাশ কান্তি চৌধুরী, সদস্য (প্রশাসন) আশীষ কান্তি বড়–য়া,নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমানসহ বিভিন্নস্তরের কর্মকর্তারা।
