রাঙামাটির ফুরোমন পাহাড়ে অবস্থিত টিভিমন পাড়ায় ডাকাতি করতে গিয়ে গৃহকর্তার দায়ের কোপে এক ডাকাত নিহত হয়েছে। এসময় ডাকাতদের কোপে গৃহকর্তাও আহত হয়েছে।
স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু ইউসুফ আহত গৃহকর্তা জল কুমার কার্বারি’র বরাতে জানিয়েছেন, গতরাত আনুমানিক বারোটার দিকে রাঙামাটির সাপছড়ি ইউনিয়নে অবস্থিত জেলার উঁচু পাহাড় ‘ফুরোমন’ এর শীর্ষের কাছাকাছি অবস্থিত টিভিমন পাড়ার গ্রামপ্রধান জল কুমার কার্বাবির বাড়িতে হানা দেয় একদল ডাকাত। ৭/৮ জনের ডাকাত দলটি গৃহকর্তার বাড়িতে প্রবেশ করে নগদ টাকা,স্বর্ণলঙ্কার ছিনিয়ে নিতে চাইলে গৃহকর্তার সাথে ধস্তাধস্তি হয়। এসময় গৃহকর্তার দায়ের কোপে একজন ডাকাত ঘটনাস্থলেই নিহত হয়। ডাকাতের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ দীর্ঘসময় পর পাহাড়শীর্ষে উঠে ডাকাতের লাশ নামিয়ে আনে এবং গৃহকর্তাকেও চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছে।
তিনি আরো বলেন, অনেক উঁচু পাহাড়ে উঠতে বেগ পেতে হয়েছে পুলিশকে এবং অনেক সময় লেগেছে আহত ও নিহতকে নামিয়ে আনতে।
এই ব্যাপারে এখনো কোন মামলা দায়ের করা হয়নি জানিয়ে মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক আবু ইউসুফ জানিয়েছেন, ডাকাতের পরিচয় জানা যায়নি। এই ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।’
রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর জানিয়েছেন, সাপছড়িতে একটি ডাকাতির ঘটনায় নিহত একজন ও আহত একজনকে আমাদের হাসপাতালে আনা হয়েছে। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি,আহত ব্যক্তি চিকিৎসাধীন আছেন।’
রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির জানিয়েছেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আহত গৃহকর্তা যদিও বিষয়টি ডাকাতির চেষ্টা বলেই জানাচ্ছেন। কিন্তু আমরা সাধারনত পাহাড়ীদের তো ডাকাতি করতে দেখিনা। তাই বিষয়টির পেছনে অন্য কোন কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছি আমরা।
