পানছড়ি প্রতিনিধি
বান্দরবানের বাসিন্দা নও-মুসলিম ও মসজিদের ইমাম ওমর ফারুক ত্রিপুরা হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, পানছড়ি উপজেলা শাখা। শুক্রবার (২৫জুন) বিকাল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, কাওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে খাগড়াছড়ি জেলার পানছড়ি বাজারের মুক্তিযোদ্ধা স্কয়ারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
নও-মুসলিম উমর ফারুক ত্রিপুরাকে হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টাকারিদের কঠোরভাবে দমনের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে মানববন্ধনে বক্তব্য দেন, হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা সাব্বির মাহমুদ রশীদী, হাফেজ রাশেদুল ইসলাম, হাফেজ মুফতি মহিউদ্দিন, হাফেজ আলী কারীমী হোসেন, হাফেজ তাজুল ইসলাম, মুহাম্মদ আল আমিন, মো. আবু বক্কর প্রমূখ।
এ’সময় বক্তাগণ বলেন, ‘নও-মুসলিম ও মসজিদের ইমাম ওমর ফারুক’কে পাহাড়ী সন্ত্রাসীরা হত্যা করেছে।’
তারা বলেন, একজন পাহাড়ি ভাই যখন খৃষ্টান ধর্ম গ্রহণ করেন তখন কোন প্রকার বাধা প্রদান করা হয় না। কিন্তু কেউ যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তখন সেই নও-মুসলিম ভাইদেরকে মানসিক, আর্থিক, সামাজিক নির্যাতনসহ নানান প্রভৃতির হয়রানির শিকার হতে হয়। আমরা ইসলাম ধর্মাবলম্বীগণ যেকোন অপরাধ ঘটনার প্রতিবাদ জানাই। উমর ফারুক ভাইয়ের হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হোক।
