আনুষ্ঠানিকভাবে কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়েছে রাঙামাটি পিসিআর ল্যাবে। বুধবার প্রথমদিন বিভিন্ন উপজেলা ও জেলা শহর থেকে মোট ৩৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে এদের ৮ জনের পজিটিভ পাওয়া যায়।
রাঙামাটি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।
তিনি জানিয়েছেন, নতুন শনাক্তদের মধ্যে ৬ জন শহরের এবং ২ জন কাপ্তাই উপজেলার। এ নিয়ে জেলায় মোট শনাক্ত বেড়ে দাঁড়ালো ৭২২ জনে। এদের আগের ৭১৪ জন পজিটিভ হয়েছিলেন চট্টগ্রামের দুই ল্যাব, সিভাসু ও বিআইটিডিতে। আর নতুন শনাক্ত ৮ জন শনাক্ত হলেন রাঙামাটি জেনারেল হাসপাতাল পিসিআর ল্যাবে।
প্রসঙ্গত, গত ৬ আগস্ট রাঙামাটিতে পিসিআর ল্যাবের উদ্বোধন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)’র নির্বাহী চেয়ারম্যান ও সিনিয়র সচিব পবন চৌধুরী। বসুন্ধরা গ্রুপের অর্থায়নে এই ল্যাব প্রতিষ্ঠিত হয়। এবং আজ বুধবারই প্রথমবারের মতো পরীক্ষা হলো এই ল্যাবে।
