‘করোনা ভাইরাসের ফলে সারাদেশে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তা মোকাবিলা করতে সরকার ব্যর্থ হয়েছে। শ্রমিক-কৃষক মেহনতি মানুষের জীবন-জীবিকা নিশ্চিত না করে সরকার সারাদেশে কখনো লকডাউন, কখনো শাটডাউন আর কখনো সবকিছু খুলে দিয়ে এক জোগাখিচুড়ি পরিস্থিতি তৈরি করেছে। অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের করোনা টিকা ব্যবস্থাা না করে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষা ব্যবস্থা বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে’ বলে মন্তব্য করেছেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
সংগঠনটির রাঙামাটিতে অনুষ্ঠিত ২য় কেন্দ্রীয় বর্ধিতসভা শেষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেছে সংগঠনটি। গত ১৪-১৫ জুলাই ২০২১ এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। দুই দিনব্যাপী চলা বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন’ বলেও জানানো হয় বিবৃতিতে।
পিসিপির কেন্দ্রীয় সভাপতি সুনয়ন চাকমা ও সাধারণ সম্পাদক সুনীল ত্রিপুরা এই বিবৃতি পাঠান।
নেতৃদ্বয় ‘পর্যটন-রাস্তাঘাটের নামে ভূমি বেদখল ও রাজনৈতিক নেতাকর্মীদের অন্যায় ধরপাকড় বন্ধ’সহ পার্বত্য চট্টগ্রামে ‘গণতান্ত্রিক’ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
