পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, ষড়যন্ত্রে নয়, আমি কাজে বিশ্বাস করি। কাজ করতে ভালোবাসি। নির্বাচনে জনগণ যোগ্যতা মূল্যায়ন করবে। ভোটের ব্যালট জনগণ যোগ্য ব্যক্তিকে খুঁজে নিবে। পার্বত্য শান্তি চুক্তির সুফল ভোগ করছে পার্বত্যবাসী। পার্বত্য অঞ্চলের মানুষ দেশের জন্য বোঝা নয়, সম্পদ সেটি আমরা ধীরে ধীরে প্রমাণ করেছি। চুক্তির আগে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি তিন পার্বত্য জেলায় মাত্র ৫০ কিলোমিটার পাকা সড়ক ছিল। সেখানে বর্তমানে তিন জেলায় ১৫’শ কিলোমিটার সড়ক যোগাযোগ ব্যবস্থা নির্মিত হয়েছে। হাতেগোনা ৩ থেকে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বর্তমানে পার্বত্যাঞ্চলে প্রায় ৪৭৯টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। স্বাস্থ্য সেবায় গড়ে তোলা হয়েছে ২৫টি হাসপাতালসহ অসংখ্য কমিউনিটি ক্লিনিক।
শনিবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিছামারায় টেকনিক্যাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা শহিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান, জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ, জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, নাইক্ষ্যংছড়ি ইউএনও সরওয়ার কামাল, সদর ইউপি চেয়ারম্যন তসলিম ইকবাল চৌধুরী প্রমুখ।
পার্বত্য প্রতিমন্ত্রী আরো বলেন, পার্বত্য মন্ত্রণালয়ের অধীনে চলতি অর্থবছরে ১ হাজার কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য ২১টি মন্ত্রণালয়ের অধীনে তিন জেলায় প্রায় ৯ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়নাধীন রয়েছে। সরকার উন্নয়নে বিশ্বাস করে। উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে দেশ। যুবকদের মধ্যে দেশের জন্য কিছু করার ইচ্ছা শক্তি থাকতে হবে। নিজের চিন্তা, চেতনা, মেধাকে কাজে লাগানো গেলে আগামীতে আমরা দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো।
পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর জানান, ১৫ কোটি টাকা ব্যয়ে টেকনিক্যাল স্কুলের ভিত্তিপ্রস্তর ছাড়াও নাইক্ষ্যংছড়িতে পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত কৃষি সম্প্রসারণ অফিসের নতুন ভবনের উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী। এছাড়াও পৃথক অনুষ্ঠানে ১১৬ জনের মাঝে সংযুক্তি নিয়োগপত্র বিতরণ, রেডক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন।
