নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে টেলিভিশন, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময় সভা হয়েছে। শনিবার সকালে বান্দনবান সদর থানার কনফারেন্স রুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বান্দরবানের নবনিযুক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, নাজিম উদ্দিন, অশোক কুমার পাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবানের নবনিযুক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, পুলিশ হচ্ছে মানবিক পুলিশ। যুদ্ধ থেকেই পুলিশের জন্ম। পুলিশ হচ্ছে জন্ম থেকেই যোদ্ধা এবং মানবিক পুলিশ। কোভিড-১৯ দুঃসময়ে পুলিশ মানবিক পুলিশের প্রমাণ দিয়েছে। তিনি বলেন, এক সাথে মিলিত হওয়া মানেই নতুন কিছুর সূচনা করা। সাফল্যের পথে এগিয়ে যাওয়া। হুট করেই কোনো কিছুর সমাধান করা সম্ভব নয়। সবকিছুর জন্য কিছুটা সময় দিতে হয়। সময়ের ব্যবধানে পিছিয়ে পড়া দুর্গম বান্দরবান এখন দেশবাসীর কাছে স্বপ্নের নাম। একটা সময় সরকারি কর্মকর্তাদের পাহাড়ে বদলি করা হলে শাস্তিমূলক ভাবা হত, কিন্তু বর্তমানে অর্থ খরচ করে বান্দরবান ভ্রমণে আসছেন। এখানে চাকরি করতে পারাটা এখন সৌভাগ্যের। তিনি বলেন, মিয়ানমার সীমান্তবর্তী জেলায় রোহিঙ্গা সমস্যা সমাধানে সাংবাদিকদের ভূমিকা ছিলো গুরুত্বপূর্ণ। পুলিশ সাংবাদিক উভয়ের সহযোগিতায় সম্মিলিতভাবে দেশের কল্যাণে কাজ করবো। সম্প্রীতির বান্দরবানের সুনাম অটুট রাখবো। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের প্রয়োজনীয় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
