বর্ষায় রাঙামাটিতে পাহাড়ধস প্রতিরোধ এবং প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমানোর লক্ষে সচেতনতামূলক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শিমুলতলী, রূপনগর, সনাতন পাড়াসহ বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শফি কামাল, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগ, স্থানীয় কাউন্সিলর রবি মোহন চাকমাসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

এসময় জেলা প্রশাসক বলেন, আসন্ন বর্ষা মৌসুমে পাহাড়ের পাদদেশে বসবাসকারী সাধারণ জনগণের যাতে কোনও ক্ষয়-ক্ষতি না হয়, সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। গত দুই বছর আগে রাঙ্গামাটিতে পাহাড় ধসে যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা চাই না সে ধরনের আর ক্ষয়ক্ষতি হোক। গত বছর ব্যাপক প্রস্তুতির কারণে সদর উপজেলায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। এবারও আমরা বর্ষা মৌসুমের পূর্বে সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এখন থেকেই যাতে ঝুঁকিপূর্ণ স্থান ত্যাগ করে সেজন্য কাজ চালিয়ে যাচ্ছে।
সভা শেষে এলাকাবাসীর মধ্যে প্রচারপত্র বিতরণ করা হয় এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সাইনবোর্ড বসানো হয়।
