কাপ্তাই প্রতিনিধি ॥
কেপিএমের বর্তমান উৎপাদন চালু রেখে পাল্প এন্ড পেপার উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন কারখানা করা হবে। কেপিএমকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সকলকে আরো আন্তরিক হতে হবে। গত বৃহস্পতিবার কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা কর্ণফুলি পেপার মিলস লিমিটেডের গেস্ট হাউসে কেপিএমের বিভাগীয় প্রধান ও সিবিএ নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (গ্রেড-১) মোঃ এহছানে এলাহী একথা বলেন।
এসময় কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী বিদ্যুৎ কুমার বিশ্বাস, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কেপিএমের মহাব্যবস্থাপক (এমটিএস) প্রকৌশলী স্বপন কুমার সরকার, কেপিএম সিবিএ’র সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুসহ সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। এরপর ওইদিন বিকেলে তিনি কেপিএমের বিভিন্ন প্লান্ট পরিদর্শন করেন।
