রাঙামাটি ২৯৯ নং আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী দীপংকর তালুকদার বলেন, পার্বত্য চুক্তির কোথাও লেখা ছিলো না পাহাড় থেকে বাঙালীদের তাড়িয়ে দেয়া হবে। আমাদের আঞ্চলিক রাজনৈতিক দলগুলো পাহাড়ে আবারো অশান্তি সৃষ্টির জন্য বাঙালী তাড়াতে হবে এমন আওয়াজ তুলেছে। কিন্তু আমি দীপংকর তালুকদার বলেছি পাহাড় থেকে কাউকে বের করতে হল আগে আমাকে বের করতে হবে। এই কথা বলাতে আজ আমি আঞ্চলিক রাজনৈতিক দলের প্রধান সন্তু বাবু, ঊষাতন তালুকদারের কাছে শত্রু হয়ে গেছি। আমার কারণে তারা পাহাড় থেকে বাঙালী তাড়াতে পারেনি। রঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম চাকুয়া পাড়া ও চিৎমরম এলাকায় রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী জনসমাবেশে তিনি এ কথা বলেন।
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অংসুছাইন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার থোয়াই চিং মারমা, জেলা পরিষদ সদস্য শান্তনা চাকমা, সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দীপংকর তালুকদার বলেন, পাহাড়ের উন্নয়ন দেখে আজ আওয়ামীলীগে যোগ দিচ্ছে বিএনপি সহ আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীরা। কারণ পাহাড়ের উন্নয়নে আওয়ামীলীগ আছে, অসম্প্রদায়িকতায় আওয়ামীলীগ আছে বলে দলে দলে আওয়ামীলীগে যোগদান করছে। তিনি আগামী নির্বাচনে আওয়ামীলীগের নৌকা মার্কায় ভোট দিয়ে পাহাড়ের উন্নয়নে কাজ করার আহবান জানান।
এর আগে চিৎ¤্রং ইউনিয়নের ৫নং মৌজার মেম্বার ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে উপজেলার আওয়ামীলীগের মধ্যস্থতায় দীপংকর তালুকদারের কাছে প্রায় ২০০ নেতা-কর্মী মিছিল সহকারে জয় বাংলা শ্লোগানের মাধ্যমে আওয়ামীলীগে যোগদান করেন।
