পার্বত্য চট্টগ্রামে বিরাজমান পরিস্থিতি ও নারী সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাঙামাটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলরুমে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক মোর্শেদা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি কাজী মজিবুর রহমান। সংগঠনের ছাত্র বিষয়ক সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মোঃ আলমগীর কবির,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা সভাপতি মুহাম্মদ শাব্বির আহম্মেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ কাজী জালোয়া, অর্থ সম্পাদক মোঃ ইব্রাহিম, প্রচার সম্পাদক হুমায়ুন কবির প্রমূখ। এসময় বিভিন্ন ওয়ার্ডের মহিলা কর্মীগণ এতে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে বরাবরই শঙ্কিত এ দেশের সচেতন মহল। সন্ত্রাসী গ্রুপ এবং পশ্চিমা বিভিন্ন এনজিও সংস্থার যোগসাজশে পাহাড়ি এ এলাকায় স্বাধীন একটি ভূ-খন্ড নির্মাণের তৎপরতার কথা কারোরই অজানা নয়। জুমল্যান্ড নামে এ ভূ-খন্ডকে স্বাধীন করার জন্য বিদেশি সহায়তায় সরবে-নীরবে কাজ করে যাচ্ছে শক্তিশালী একটি গ্রুপ।
পার্বত্য চট্টগ্রাম এলাকায় ‘জুমল্যান্ড’ নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এক বা একাধিক গোষ্ঠী তৎপর রয়েছে। বিভিন্ন সময় তারা ‘জুমল্যান্ড’ প্রতিষ্ঠায় সমর্থন চেয়ে দূতাবাসগুলোতে বার্তাও পাঠিয়েছে। এমনকি ‘জুমল্যান্ড টিভি’ নামে টুইটার অ্যাকাউন্ট ছাড়াও অনলাইনে এই নামে ব্যাপক তৎপরতা রয়েছে। বক্তারা আরো বলেন, শান্তিচুক্তির আগে এ ধরনের গোষ্ঠীর বেশ তৎপরতা ছিল। এখনো এ দেশের পার্বত্য এলাকা নিয়ে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র আছে। অনেক দেশও তাদের বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) তৎপরতাও বেশ সন্দেহজনক। সরকারকে এ বিষয়ে তৎপর হওয়ার আহবান জানান বক্তারা।
