তবলছড়ি বাজারের একটি দোকানের সামনে সড়কের মাটি ধসে গেছে। মাটি ধসের ফলে রাস্তাতেই বেশ বড় গর্ত তৈরি হয়েছে। এতে আতংক ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। বন্ধ হয়ে পড়েছে রিজার্ভ বাজার এলাকায় পানি সরবরাহ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ধসে যাওয়া জায়গায় ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে যাতে গর্তে আর কোন পানি ঢুকতে না পারে। পানি ঢুকে মাটি সরে গেলে পাশে অবস্থানরত দোকানের বড় ধরনের ক্ষতি হতে পারে। ধসে যাওয়া অংশের চারপাশে লাল পতাকা দিয়ে বিপদ সংকেত দেয়া হয়েছে। দোকাদারদের কাছ থেকে জানা যায় বৃহস্পতিবার দুপুর ২টায় হঠাৎ করে মাটির নিচ থেকে বিকট শব্দ হয়ে পানি রাস্তার ওপর উঠতে থাকে। দেখা যায়, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সরবরাহকৃত পানির মুল পাইপ ফেটে এমনটি হয়েছে যার মধ্য থেকে পানি বের হতে থাকে এবং একই সাথে সড়কের একপাশ ও মাটি সরে যায়। এতে যানবাহন চলাচলে কিছুটা বিঘœ ঘটছে। এদিকে পানির লাইন ফেটে যাবার কারণে রিজার্ভ বাজার এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশলের পানি সরবরাহ বন্ধ রয়েছে।
জনৈক মালিকানাধীন দোকানে অবস্থান করা আকবর আলী বলেন, আমি দোকানের ভিতরে কাজ করছিলাম হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। প্রথমে ভাবলাম কোন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, আমি ভয়ে দ্রুত বের হয়ে আসি, বের হয়ে দেখি পানির পাইপ ফেটে প্রচুর পানি বের হচ্ছে এবং দোকানের সামনের রাস্তার অংশ থেকে মাটি ধসে গেছে। পরে আমরা দোকানের ধসে যাওয়া জায়গায় ত্রিপল দিয়ে ঢেকে রেখেছি।
হিলমুন তবলছড়ি এর ব্যবস্থাপক বলেন, দুপুরে হঠাৎ করেই অনেক জোরে শব্দ করে পানি বের হয় সাথে সাথে মাটি ধসে যায়। দোকানটি সামনের মাটি ধসের যাবার কারণে কিছুটা ঝুঁকিতো তৈরি হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশলের মানুষজন ধসে যাওয়া স্থান পরিদর্শন করেছেন।
জনস্বাস্থ্য প্রকৌশলের লাইনম্যান ফারুক বলেন, পাইপ ফেটে যাওয়ায় রিজার্ভ বাজার এলাকায় পানি সরবরাহ বন্ধ আছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রাঙামাটির নির্বাহী প্রকৌশলী অনুপম দে বলেন, পাইপ লাইন ফেটে গেছে। আমি বিষয় দেখছি।
