খাগড়াছড়ির পানছড়িতে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ সদস্য পরেশ ত্রিপুরা ওরফে মহেন্দ্র হত্যার ঘটনায় সড়ক অবরোধ ও বাজার বয়কটের ঘোষনা দিয়েছে সংগঠনটি। রবিবার পানছড়ি বাজার বয়কট ও সোমবার পানছড়িতে আধাবেলা সড়ক অবরোধের কথা জানানো হয়।
শনিবার সকালে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পানছড়ি থানা সংগঠক রুপায়ন চাকমা এই তথ্য জানান।
গত শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা নামক এলাকায় ইউপিডিএফ সদস্য পরেশ ত্রিপুরা ওরফে মহেন্দ্র(৩০)কে গুলি করে হত্যা করা হয়। এটিকে ‘পরিকল্পিত হত্যাকান্ড’ বলছে সংগঠনটি।
নিহত মহেন্দ্র একই এলাকার মিলন ভুষণ ত্রিপুরার ছেলে। এদিকে মহেন্দ্র’র কাছ থেকে একটি পিস্তল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। শনিবার নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হয়েছে। তবে এই ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পানছড়ি থানার ওসি মোঃ নুরুল আলম।
