পানছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে ৩নং সদর ইউনিয়নে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উচিত মনি চাকমা। তিনি ২৯৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বর্তমান চেয়ারম্যান মো. নাজির হোসেন (নৌকা)।
তবে নির্বাচনে বন্ধঘোষিত (স্থগিত) ৫নং ওয়ার্ডের পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পুনরায় ভোট স্থগিত করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নাজির হোসেন। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার (পানছড়ি, লতিবান, উল্টাছড়ি ইউনিয়ন) নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি সদর ইউনিয়নের বন্ধ ঘোষিত দুইটি ভোটগ্রহণ কেন্দ্র ও ৫নং উল্টাছড়ি ইউনিয়নের একটি কেন্দ্রে সমভোটপ্রাপ্ত সাধারণ সদস্য (মেম্বার) পদে পুনঃভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার এই নির্বাচন হয়। নির্বাচনে বন্ধ ঘোষিত পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও পাইলট ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফলসহ সব কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী ৩নং পানছড়ি সদর ইউনিয়নে বেসরকারিভাবে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী উচিত মনি চাকমা (আনারস)। তিনি পান ৬ হাজার ৬৮৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. নাজির হোসেন (নৌকা) পেয়েছেন ৬ হাজার ৩৯০ ভোট।
এছাড়াও সদর ইউপির ৫নং ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে মোরগ প্রতীকে মো. জব্বার হোসেন ও ২নং ওয়ার্ড সংরক্ষিত সদস্য পদে কলম প্রতীকের হিমা বেগম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে বর্তমান ওয়ার্ড সদস্য তালা প্রতীকে আমীরুল বসর ও সংরক্ষিত সদস্য পদে মাইক প্রতীকে মন্দিরা চাকমা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অন্যদিকে ৫নং উল্টাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড রোহিন্দ্র কার্বারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাধারণ সদস্য (মেম্বার) পদে বৈদ্যুতিক প্রতীকে শান্তি জীবন ত্রিপুরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এই কেন্দ্রে সাধারণ সদস্য পদে সমভোট পাওয়ায় পুনঃভোটগ্রহণ করা হয়।
এদিকে পুনরায় ভোট স্থগিত করার দাবির বিষয়ে মো. নাজির হোসেনব লেন, আজ ২১ মার্চ (সোমবার) বিকেলে ভোটচলা কালীন সময়ে প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ সমর্থিত প্রার্থীর সমর্থকরা ৫ রাউন্ড গুলিবর্ষণকরে কেন্দ্র দখল নেওয়ার চেষ্টা করে। পাশাপাশি আমার সমর্থকদের মারধর করে। আমি বিষয়টি দ্বায়িত্বরত রিটার্নিং অফিসারকে অবগত করেও কোনো সুরাহা পাইনি। তিনি বলেন, এ ঘটনার পরপর ভোটাররা আতঙ্কিত হয়ে ভোটকেন্দ্র ছেড়ে চলে গেছে। তাই এ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ করার আবেদন জানাচ্ছি।
অন্যদিকে উচিত মনি চাকমা দুপুর আড়াইটার দিকে জানান, আওয়ামী সমর্থিত প্রার্থীর সমর্থকরা কেন্দ্র এলাকায় ভয়ভীতি ছড়ানো ও জাল ভোট দেওয়ার চেষ্টা করছেন, যা আমি নির্বাচন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এরপর নির্বাচন সুষ্ঠু হচ্ছে।
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় পুনঃভোটগ্রহণ নির্বাচন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. শামসুল আলম বলেন, নৌকার এজেন্টসহ অন্যান্য এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা কক্ষে ভোট গণনা হয়েছে।
