পানছড়ি প্রতিনিধি ॥
‘শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ নজর দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান খুললে সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। এসাইনমেন্ট কার্যক্রম পর্যবেক্ষণ, ইউনিক আইডি চালু ও অনলাইন শিক্ষা, এসাইনমেন্ট মূল্যায়নে সরকার বিভিন্ন উদ্যোগ আমরা সবাই মিলে তা বাস্তবায়নের চেষ্টা করছি।’ খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার কলেজ, মাদ্রাসা ও বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক ড. গাজী গোলাম মাওলা এসব কথা বলেন। শনিবার সকালে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অরূপ চাকমা।
শিক্ষা উপকরণ বিতরণ, প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ শ্রেণি কার্যক্রম শুরুর জন্য সবাইকে মানসিক প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে এসময় বিশেষ অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা বলেন, ‘শিক্ষক বাতায়ন, মুক্তপাঠ, অনলাইন ক্লাস, এসাইনমেন্টসহ বিভিন্নভাবে আমরা শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিচ্ছি।’
এতে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহম্মদ, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বাবুল, নালকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিস দত্ত চাকমা, লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির চাকমা, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চাকমা, পানছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেম, পানছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুগত চাকমা ও পানছড়ি সরকারি কলেজের শিক্ষক রতœ কুসুম চাকমা। একইদিন বেলা ২টার দিকে প্রধান অতিথি তবলছড়ি গ্রীনহিল কলেজ মিলনায়তনে মাটিরাঙ্গা উপজেলার শিক্ষকবৃন্দের সাথে আরেকটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
