পানছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি ২০২১-২২ অর্থবছরের আলোকে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কর্মসূচির আওতায় এ সমাবেশ হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা তথ্য অফিস আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ। বিশেষ অতিথি ছিলেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) আনচারুল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া ও ৩নং পানছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজির হোসেন।
সমাবেশে অতিথিবৃন্দ বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচার কার্যক্রমের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ, বাল্যবিবাহ ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম প্রতিরোধ, বিভিন্নক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য, সরকারের বৃহৎ প্রকল্পসমূহ, তথ্য অধিকার, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার, সাম্প্রদায়িক সম্প্রীতি, প্রতিহিংসা ও অপরাজনীতি, নারীর স্বাস্থ্য সুরক্ষা, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি, দুর্যোগকালীন নারীর সুরক্ষা, গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে।
এসময় উপজেলার বিভিন্ন ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য, শিক্ষার্থীসহ নানান স্তরের নারীগণ অংশগ্রহণ করেন।
