শুভ্র মিশু
রাঙামাটির কাউখালি উপজেলার পাথর বোঝায়ই ট্রাক নিয়ে নিয়েই ধসে পড়েছে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে পোয়াপাড়া বেইলি ব্রিজ সেতু, ফলে বন্ধ হয়ে গেছে উপজেলার সাথে নাইল্যাছড়ি সড়কটি।
শুক্রবার (২০আগস্ট) আনুমানিক রাত ১২টার পরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সেতুসহ ধসে পড়া ট্রাকটি ‘সক্ষমতার চেয়েও বেশি ভার’ বহন করছিলো বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
‘মাত্রাতিরিক্ত ভারবাহি গাড়ীটির কারণেই’ সেতুটি ধসে পড়েছে নিশ্চিত করে সড়ক বিভাগ জানিয়েছে, সেতুটির দৈর্ঘ্য ১৪৫ ফুট এবং প্রস্থ ১৪ ফুট। প্রায় চল্লিশ বছর আগে নির্মিত এই সেতুটিতে দুই দশক আগেও আরেকটি দূর্ঘটনা হয়েছিলো বলেও জানিয়েছেন তারা।
কাউখালি থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল্লাহ্ জানিয়েছেন, পোয়াপাড়া বেইলি ব্রিজটি পাথর বোঝাই একটি ট্রাকসহ মাঝামাঝিতে ভেঙ্গে ট্রাকসহ নদীতে পড়ে গেছে। এতে চালকসহ তিনজন আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে,তবে অবস্থা খুব বেশি খারাপ নয়। বর্তমানে কাউখালি-নাইলাছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
তিনি জানিয়েছেন, কাউখালিতে নির্মাণ কাজ চলা পলিটেকনিক ইনস্টিউটে ব্যবহারের জন্য ট্রাকটি পাথর বোঝাই করে যাচ্ছিলো। কিন্তু ইছামতি নদীর একটি প্রবাহ কাউখালি খালে সেতু ধসে পড়ে যায়।
স্থানীয় উদ্যোক্তা মো: জসীমউদ্দিন জানিয়েছেন সেতুটির উপর দিয়ে কলমপতি ইউনিয়নসহ পাশ^বর্তী এলাকার পাহাড়িরা নানা কৃষিজ পণ্য নিয়ে বাজারে আসেন, এটি মেরামত না হওয়া অবধি কারণে সপ্তাহিক হাটসহ স্থানীয় জনজীবনে বিশাল প্রভাব পড়বে ।
এই বিষয়ে রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ আরেফিন জানিয়েছেন, এই ধরণের সেতুর সাধারন ভার সক্ষমতা ১০ টন। কিন্তু যে ট্রাকটি সেতুসহ ধসে পড়েছে সেটি প্রায় ৩৫ টন ভার বহন করছিলো,যা অবিশ^াস্য এবং সেতুর সক্ষমতার চেয়েও কয়েকগুণ বেশি।’ সেতুটি সংস্কার করে ফের চালু করতে যন্ত্রাংশ পাওয়ার সময় বিবেচনায় অন্তত দুই সপ্তাহ সময় লাগবে বলে জানিয়ে এই প্রকৌশলী, বাড়তি ভার বহন করা যানবাহনগুলোকে এই ধরণের সেতুতে না উঠার অনুরোধ জানিয়েছেন।
