পাঁচ দিন বন্ধ থাকার পর শুক্রবার থেকে চালু হয়েছে কাপ্তাই-রাঙ্গুনিয়ার দুই সীমান্তে অবস্থিত চন্দ্রঘোনা ফেরিঘাট। কাপ্তাই উপজেলার রাইখালি এবং রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় কর্ণফুলী নদীর ওপর ফেরিটি এতদিন বন্ধ থাকায় তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সাথে যানবাহন চলাচল বন্ধ ছিল।
সড়ক ও জনপদ বিভাগ রাঙামাটির সুপারভাইজার(ফেরি) আকতার কামাল বলেন, কাপ্তাই বাঁধের পানি ছেড়ে দেয়ায় অতিরিক্ত পানি উপচে ফেরির দুই পাশের ব্রিজ পানিতে সম্পূর্ণ ডুবে যায় তা ছাড়া নদীর তীব্র ¯্রােতের কারণে ফেরি চলাচল এতোদিন বন্ধ ছিল। স্বল্প দূরত্বের মানুষ ঝুঁকি নিয়ে সাম্পান ও ডিঙ্গি নৌকায় কর্ণফুলী নদী পারাপার করলেও যানবাহন চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে পড়েছিল। এতে বান্দরবানের সাথে রাঙামাটি ও খাগড়াছড়ির গুরুত্বপূর্ণ ভারী যানবাহন বন্ধ থাকায় ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছিল। কর্ণফুলি নদীর পানি কমে যাওয়ায় টানা ৫দিন ফেরি বন্ধ থাকার পর শুক্রবার সকাল সোয়া সাতটায় ফেরি চলাচল পুনরায় চালু হয়।
মরিয়ম নগর এলাকার ব্যবসায়ী মো. আজম(৩৮) বলেন, বান্দরবান থেকে পাহাড়ি কলা ও কাঁচামাল এনে রাঙ্গুনিয়াসহ আশে পাশে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। চন্দ্রঘোনায় ফেরি চলাচল বন্ধ থাকায় তাঁর ব্যবসাও ৫ দিন বন্ধ ছিল। এদিকে চন্দ্রঘোনা-রাজস্থলী সড়কের বাস চালক মনির জানান, এতদিন ফেরি বন্ধ থাকায় শত শত বাস শ্রমিক বেকার হয়ে বসে ছিলো।