শুভ্র মিশু ॥
রাঙামাটি রাজস্থলী উপজেলায় বিশেষ পোষাক পরিহিত গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত লাশটির এখনো পরিচয় মেলেলি। তবে পরিচয় নিশ্চিত না হওয়ায় পোস্টমর্টেমের পর রাঙামাটি পৌরসভার মাধ্যমে সৎকার করা হয়েছে মরদেহটি, পুলিশবাদী হয়ে করেছে মামলা।
শনিবার সকালে স্থানীয় কার্বারি থেকে খবর পেয়ে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের উগারীপাড়ায় সেগুন বাগান থেকে সকাল ৮টার দিকে সবুজ রঙের বিশেষ পোষাক পরিহিত অজ্ঞাত গুলিবিদ্ধ অবস্থায় একটি মরদেহ উদ্ধার করে রাজস্থলী থানা পুলিশ। পরে মরদেহটি আনা হয় রাজস্থলী থানায়। শনিবার দুপুরেই মরদেহটি পাঠানো হয় রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে, সেখানে পোস্টমর্টেম শেষে মরদেহটির পরিচয় পাওয়া না যাওয়ায় সেটি বেওয়ারিশ লাশ হিসেবে হস্তান্তর করা হয় রাঙামাটি পৌর কর্তৃপক্ষের কাছে।
রবিবার বেওয়ারিশ লাশটি পৌর কর্তৃপক্ষ সৎকারের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন রাঙামাটি পৌরসভার বেওয়ারিশ লাশ সৎকারের দায়িত্বে থাকা স্যানিটারি ইন্সপেক্টর মো. ফিরোজ আল মাহমুদ।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসাইন জানান, শনিবার সকালে উদ্ধার হওয়া লাশটির কোন পরিচয় আমরা নিশ্চিত হতে না পেরে লাশটি বেওয়ারিশ হিসেবে পোস্টমর্টেমের পরে রাঙামাটি পৌরসভার কাছে হস্তান্তর করেছি তারা সেটি সৎকারের ব্যবস্থা করেছে।
তিনি আরো জানান, লাশটির বিষয়ে শনিবার পুলিশ বাদী হয়ে একটি মামলা রুজু করেছে, মামলায় উল্লেখ করা হয়েছে অজ্ঞাত দু’পক্ষের গোলাগুলিতে একজন মারা গেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে এবং পোস্টমর্টেম ব্যবস্থা করে।
