বাংলাদেশ কৃষকলীগ রাঙামাটি জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ কৃষকলীগ রাঙামাটি জেলার শাখার সভাপতি জাহিদ আক্তারের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি সমীর চন্দ। এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।
এসময় কৃষকলীগ সভাপতি সমীর চন্দ বলেন, স্বাধীনতাযুদ্ধ চলাকালীন সময়ে ধর্মের নাম ব্যবহার করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিলো। বর্তমানেও সেই পরাজিত শক্তিরাই আবারও ষড়যন্ত্র করে চলছে। মুজিব শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির দ্বারপ্রান্তে এসে সেই মৌলবাদী শক্তিরা জাতির পিতার ভাস্কর্য ভাঙার মতো দুঃসাহস দেখিয়েছে। মৌলবাদের বিরুদ্ধে সকল মুক্তিযুদ্ধের চেতনার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি কৃষকলীগের শক্তি বাড়াতে মাঠ পর্যায়ে বর্ধিত সভা করা হচ্ছে। তিনি বলেন, করোনাকালীন সময়ে কৃষকলীগ সব সময় কৃষকদের পাশে ছিল। ভবিষ্যতেও যে কোন সময়ে কৃষকের পাশে থাকার কথাও আশ^াস দেন তিনি।
আলোচনা সভার শুরু আগে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলণ করা হয়। বর্ধিত সভায় রাঙামাটির দশ উপজেলার দুই শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
