কাপ্তাই হ্রদে দুর্ঘটনা রোধে নৌ-পরিবহনে চালক, সুকানিদের দিনব্যাপি প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকালে রাঙামাটি শিশু নিকেতনে এই প্রশিক্ষণের আয়োজন করে নৌপরিবহন অধিদপ্তরের আঞ্চলিক নৌযান সার্ভে রেজিস্ট্রেশন/পরিদর্শন রাঙামাটি জেলা কার্যালয়। বিকেলে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নৌ পরিববহন অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন কেএম জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলাপ্রশাসক একেএম মামুনুর রশিদ। প্রশিক্ষণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নৌ পরিবহন অধিদপ্তরের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুল হাসান লিটন, পরীক্ষক মো. মহিউদ্দিন, মো.আবুল বাশার, প্রকৌশলী এন্ড শিপ সার্ভেয়ার মো. সিরাজুল ইসলাম, মুখ্য পরিদর্শক মো. শফিকুর রহমান, রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মো. মঈন উদ্দিন সেলিম প্রমুখ।
প্রশিক্ষণার্থী মো. তাহের মিয়া জানান, আমারা এই প্রশিক্ষণের মাধ্যমে যাত্রীদের সঠিক সেবা প্রদান ও নৌযান পরিচালনা সম্পর্কে উচ্চ পর্যায়ের ধারণা পেয়েছি। যার মাধ্যমে আমরা আশা করছি যাত্রীদের সঠিক ও নিরাপদ সেবা দিতে পারবো।
প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, রাঙামাটিতে অভ্যন্তরীণ যাত্রীর পাশাপাশি প্রতিদিন কাপ্তাই লেক ভ্রমণে প্রচুর পরিমাণে পর্যটক রাঙামাটি বেড়াতে আসে। তাদের নিরাপত্তায় জন্য প্রশিক্ষণ গ্রহণকারীদের কাজ করতে হবে। কারণ আপনারা যদি অতিরিক্ত যাত্রী পরিবহন না করেন, পর্যটকদের বোর্টের ছাদে উঠতে না দেন, তাহলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।
এই প্রশিক্ষণে রাঙামাটির নৌযানের সাথে সংশ্লিষ্ট ৭১জন প্রশিক্ষণার্থী অংশ নেন। যাদের প্রশিক্ষণ শেষে পরীক্ষা নেয়া হয় এবং উত্তীর্ণদের সনদ বিতরণ করা হয়। এমন প্রশিক্ষণ আগামী তিন মাস অন্তর আবারো আয়োজনের কথা জানান আয়োজকরা।
