বান্দরবানে আওয়ামীলীগের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর জন্য নৌকায় ভোট চাইলেন সূয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা। ভিজিডি খাদ্য শস্য বিতরণ উপকারভোগী ৪৪৩ জন নারী-পুরুষকে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে হাত তুলে প্রতিজ্ঞাও করালেন ধানের শীষ প্রতীকে বিজয়ী এ জনপ্রতিনিধি। তিনি (উক্যনু মারমা) বিএনপির বান্দরবান সদর উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক পদে রয়েছে। মঙ্গলবার সকালে এগারোটায় বান্দরবানের সদর উপজেলার সূয়ালক ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিডি খাদ্য শস্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে উক্যনু মারমা সংগঠন পরিপন্থী ঘটনাটি ঘটান। চেয়ারম্যানের এমন কান্ডে বিএনপির ভোট ব্যাংক হিসাবে পরিচিত সূয়ালক ইউনিয়ন বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সরকারের ভিজিডি খাদ্য শস্য বিতরণ কর্মসূচির আওতায় উপকারভোগী ৪৪৩ জন নারী-পুরুষকে ৩০ জন কেজি করে চাল বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আজম, অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপকারভোগীদের উদ্দেশ্যে উক্যনু মারমা আরো বলেন, আপনারা বীর বাহাদুরের জন্য দোয়া করবেন। তিনি যেন আগামীবারও নির্বাচিত হতে পারেন। আগামী সংসদ নির্বাচনে বীর বাহাদুরকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। হাত তুলে বলুন উনাকে (বীর বাহাদুরকে) ভোট দিবেন।
অনুষ্ঠানের শেষে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’কে সাংবাদিকদের প্রশ্ন করেন, বিএনপির জনপ্রতিনিধিও আপনার জন্য ভোট চাইছেন? প্রতিক্রিয়া তিনি বলেন, ভোট চেয়েছেন আমাকে খুশি করার জন্য। এগুলো লোক দেখানো, রাতের বেলায় ঠিকই উল্টে যাবেন। ভোটাররাও বলবে চেয়ারম্যান বলেছিলো বলে হাত তুলেছিলাম। আমি উন্নয়নে বিশ্বাসী। আমার কাজকর্মে ভোটাররা আমায় মূল্যায়ন করবে।
প্রতিক্রিয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জাবেদ রেজা বলেন, ধানের শীষে প্রতিকে নির্বাচিত একজন জনপ্রতিনিধি নৌকার জন্য ভোট চাইতে পারেন না। এটি সংগঠন পরিপন্থী। ঘটনাটি সত্য হলে সাংগঠনিকভাবেই দল ব্যবস্থা নিবে।
