নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবান পৌরসভা নির্বাচনে নির্বাচিত মেয়র কাউন্সিলরদের গণসংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচিতদের শপথ গ্রহণ শেষে ফেরার পথে শোভাযাত্রা সহকারে ফুলের তোড়া দিয়ে নির্বাচিতদের বরণ করে নেয় আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে দ্বিতীয় বারের মত বান্দরবান পৌরসভায় নির্বাচিত মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ইসলাম বেবী’সহ ৯টি ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের সংবর্ধণা দেয়া হয়। পৌরসভার নয়টি ওয়ার্ডের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে বিজয়ীদের অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। পৌরসভা আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজল কান্তি দাশ, একেএম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। অন্যান্যদের মধ্যে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর অজিত কান্তি দাশ, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ওমর ফারুক, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মং মং সিং মারমা, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ দাশ শেখর, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হারুন সরদার, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সেলিম রেজা, ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর দীপিকা রানী তঞ্চঙ্গ্যা, ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর এমেচিং মারমা আর ৭,৮,৯ নং ওয়াডের্র মহিলা কাউন্সিলর শাহানা আক্তার শানুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
