যথাযথভাবে আন্তর্জাতিক নারী দিবস পালনের লক্ষে পার্বত্য জেলা রাঙামাটিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার’।
সমাবেশে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হোসনে আরা বেগমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার, জেলা মহিলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মনোয়ারা বেগম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল। বর্তমান সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার পাশাপাশি নারীরাও এগিয়ে যাচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে নারীদের উন্নয়নে আরও অনেক প্রকল্প হাতে নেয়া হয়েছে। এর ফলে আগামীতে এদেশের নারীরা আর পিছিয়ে থাকার সুযোগ নেই।
এসময় আগামী ৮ মার্চ নারী দিবস আরও জাঁকজমকভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন তারা। সমাবেশে জেলার বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
