‘দলত্যাগ’ করে ইউপিডিএফ-এ যোগ দেয়ার ‘অপরাধে’ দুই কর্মীকে হত্যা করার অভিযোগ উঠেছে সংস্কারপন্থী হিসেবে পরিচিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএনলারমা)র বিরুদ্ধে।
শুক্রবার ভোররাতের দিকে,আনুমানিক তিনটার দিকে রাঙামাটির নানিয়ারচর উপজেলার মহালছড়ির সীমান্তবর্তী রামসুপারি পাড়া এলাকায় আকর্ষন চাকমা (৪২) এবং শ্যামল কান্তি চাকমা সুমন্ত (৩০) নামের এই দুই সদ্য যোগ দেয়া ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করে একদল দুর্বৃত্ত। নিহত দুজনই একই এলাকার যুদ্ধ মোহন চাকমা ও আদরি পেদা চাকমার পুত্র। কিছুদিন পূর্বে এরা নতুন দলে যোগ দেয়ার পর ওই এলাকায় সংগঠনটির ‘কালেক্টর’ হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে দাবি আইনশৃংখলাবাহিনীর দায়িত্বশীল সূত্রের। রাতে একদল সশস্ত্র দুর্র্বৃত্ত তাদের নিজ বাসায় গিয়ে গুলি করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানিয়েছেন, রাম সুপারি পাড়া দুই ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার সংবাদ আমরা জেনেছি। আমরা সেই এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছি,পৌঁছাতে সময় লাগবে। ফিরে এসেই বিস্তারিত জানাতে পারব।’
ইউপিডিএফ এর প্রচার বিভাগের প্রধান নিরন চাকমা এই বিষয়ে এখনো কিছু জানেন না বলে জানিয়েছেন।
অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএনলারমা)র মুখপাত্র প্রশান্ত চাকমা জানিয়েছেন,‘ এই ঘটনার সাথে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই। এটা তাদের অভ্যন্তরীন বিরোধ। তারা নিজেরা নিজেরাক খুনোখুনিতে জড়িয়েছে।’
