কাপ্তাই প্রতিনিধি ॥
মায়ের পায়ে পুষ্পার্ঘ্য, বিদ্যা লাভের আশায় সমবেত প্রার্থনা, প্রসাদ বিতরণ, গীতাপাঠ এবং ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে কাপ্তাইয়ের বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা।
কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু জানান, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে কাপ্তাইয়ের রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির, চন্দ্রঘোনা আদি নারায়ণ বৈদান্তিক গীতামন্ডপ, কর্ণফুলি সরকারি কলেজ, লগগেইট জয়কালী মন্দির, ওয়াগ্গা মন্দির, বিএসপিআই পূজামন্ডপসহ বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা।
এদিকে সরস্বতী পূজা উপলক্ষে মিশন এলাকার সনাতন যুব সমাজের আয়োজনে আদি নারায়ণ বৈদান্তিক গীতামন্ডপ প্রাঙ্গণে শনিবার গীতাপাঠ, প্রসাদ বিতরণ, সংবর্ধনা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্ত ও সঙ্গীতা দত্তের পরিচালনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এইছাড়া রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দিরে সরস্বতী পূজা উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে চিতল পিঠা, ভাপা পিঠা, দুধ চিতল পিঠা, পুলি পিঠাসহ নানা প্রকার পিঠা পরিবেশন করা হয়। এছাড়া ওয়াগ্গা সরস্বতী পূজা মন্ডপ এবং কর্ণফুলি সরকারি কলেজ সনাতন বিদ্যার্থীদের আয়োজনে গীতাপাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
