নিজস্ব প্রতিবেদক ॥
মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটি স্টেডিয়ামে কুচকাওয়াজসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে শাশ্বত বিজয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করেছে। বিজয়ের আনন্দে উচ্ছ্বসিত রাঙামাটির বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সকালের মিষ্টি রোদে কুচকাওয়াজ ও ডিসপ্লে¬তে অংশগ্রহণ করে। এছাড়া মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সরকারি উদ্যোগে বিস্তারিত কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল ১৬ ডিসেম্বর দিনের শুরুতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল নয়টায় রাঙামাটি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, ভিডিপি, স্কাউট, গার্লস গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল দশটায় নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে এগারোটায় জেলা পরিষদ নিজস্ব সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, বিকেলে মারী স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া হাসপাতাল, জেলখানা, এতিমখানা, শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন ও শহরের প্রধান সড়ক, সড়ক দ্বীপসমূহ এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হয়।
এদিকে দিনের শুরুতে জেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণের পরপরই জেলা পুলিশ, আনসার, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এই সময়ে সকলেই বিজয়ের ৫০তম বছরে দেশের বিরুদ্ধে অপশক্তি ও মৌলবাদী গোষ্ঠীকে পরাজিত করে সোনার বাংলা গঠনে শপথ গ্রহণ করেন।
