বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ লাখ পিস ইয়াবাসহ ৬ জন পাচারকারীকে আটক করেছে ঘুমধুম বিওপি’র বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঘুমধুম সীমান্তের রেজু আমতলী এলাকা থেকে তাদের ইয়াবাসহ আটক করা হয়েছে। আটকদের মধ্যে ১ জন বাংলাদেশি ও ৫ জন রোহিঙ্গা। আটকরা হলো- কুতুপালং ১ নং লম্বাশিয়া ক্যাম্পের এ ব্লকে আশ্রিত রোহিঙ্গা মৃত আলী হোসেনের ছেলে জিয়াবুল হোক (২৬), একই ঠিকানার ফকির আহমেদের ছেলে রহমত উল্লাহ (২৫), নুর মোহাম্মদের ছেলে মাহমুদুল হাসান (২১), আবদুল আলিমের ছেলে মোঃ সেলিম (২২), সোনা আলীর ছেলে মোঃ আমিন (২২) ও উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী গ্রামের মীর আহমদের ছেলে মোঃ জয়নাল আবেদীন (২৫)।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পার হয়ে কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদ পেলে ঘুমধুম বিওপি’র একটি বিশেষ বিজিবি দল রেজুআমতলী আমবাগান এলাকায় ফাঁদ পেতে থাকে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মিয়ানমার সীমান্ত হতে ৬ জন ইয়াবা ব্যবসায়ী বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে, পাচারকারীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু বিজিবির সদস্যরা তাদের আটক করতে সক্ষম হন।
কক্সবাজার ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি এ সময় বলেন- কক্সবাজার বিজিবির আওতাধীন ঘুমধুমের রেজু আমতলি বিওপির বিজিবি সদস্যরা ইয়াবা সহ ৬ জন পাচারকারীকে আটক করতে সক্ষম হন। পরে তাদের শরীর তল্লাশি করে কোমরে লুঙ্গি ও গামছা দ্বারা কৌশলে লুকানো ২ লাখ উদ্ধার করা সম্ভব হয়েছে। জব্দকৃত ইয়াবার মূল্য ৬ কোটি টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
