নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
নিখোজের তিনদির পর খাগড়াছড়ির কলেজ পড়–য়া শিক্ষার্থী অমিতা চাকমা (২১) কে নাইক্ষ্যংছড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। ১০ মার্চ বুধবার বিকেল ৫টায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের বৈদ্যছড়া এলাকার জামিরতলী গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত অমিতা চাকমা খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার বামাছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কুতুবছড়ি গ্রামের থলিপাড়ার নিক্সন চাকমার সহধর্মিণী। তিনি ফটিকছড়ি কলেজের শিক্ষার্থী।
উপপরিদর্শক (এসআই) অরুণ কুমার চাকমা জানান, অমিতা চাকমা কলেজ শিক্ষার্থী হলেও বিবাহিত। তার স্বামীর সাথে কথা-কাটাকাটির পর অভিমান করে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুজিঁর পর ব্যার্থ হয়ে স্বামী নিক্সন চাকমা চট্টগ্রামের ফটিকছড়ি থানায়- ২৮৫-৭/০৩/২০২১ইং একটি জিডি দায়ের করেন। পরে মোবাইল টেকিং এর ভিত্তিতে এলাকা চিহ্নিত করে নাইক্ষ্যংছড়ি থানায় আশ্রয় নেয় অমিতা চাকমার স্বামী ও বাবা। দায়েরকৃত জিডির প্রেক্ষিতে এবং মোবাইল নাম্বারের টেকিং এর ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন এর নির্দেশনায় একটি টিম নিয়ে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বৈদ্যছড়া এলাকার জামিরতলী গ্রাম থেকে অভিযান চালিয়ে সুস্থ অবস্থায় নিখোঁজ অমিতা চাকমাকে উদ্ধার করা হয়।
এদিকে অমিতা চাকমার বাবা এবং স্বামী নিক্সন চাকমা সাংবাদিকদেরকে প্রতিক্রয়া জানাতে রাজি নন। তবে তারা এইটুকু জানান, অমিতা চাকমা সুস্থ আছেন।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে বিষয়টি সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বলেন, উদ্ধার হওয়া অমিতা চাকমাকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে নতুন করে কোন মামলা হয়নি বলেন জানান তিনি।
