নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ি থেকে ৬ রাউন্ড পিস্তলের গুলিসহ জহিরুল মামুন (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত রোরবার রাত সাড়ে ৯টায় উপজেলার ঘুমধুম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবক কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আনজুমান পাড়ার বাসিন্দা ছৈয়দ নুরের ছেলে।
পুলিশ জানায়, নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন ঘুমধুমের ইয়াহিয়া গার্ডেন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মুখলেছুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৬ রাউন্ড পিস্তলের গুলিসহ জহিরুল মামুন (২৯) নামের এক যুবককে আটক করা হয়।
সোমবার দুপুরে পিস্তলের গুলি উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জানান, আটক যুবকের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
