বাংলাদেশ নির্বাচন কশিমন এর আইন অনুযায়ী ২য় বার ভোটার হওয়া আইনত দন্ডনীয় অপরাধ। আর এমন অপরাধে অভিযুক্ত রাঙামাটি সদর উপজেলার চারজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন রাঙামাটি সদর নির্বাচন অফিস। বুধবার সকালে রাঙামাটি সদর নির্বাচন অফিসার জাহিদুল ইসলাম নির্বাচন কমিশনের পক্ষে বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন।
মামলার এজাহার সূত্রে জানাযায়, রাঙামাটি সদর উপজেলার পৌরসভার পুলিশ হাসপাতাল এলাকার একজন, রিজার্ভ বাজার এলাকার একজন, আমানতবাগ এলাকার একজন ও জীবতলী ইউনিয়নের ধুল্যাছড়ি গ্রামের একজন ২০০৮ সালে প্রথমবার ভোটার হন। পরবর্তীতে অসৎ উদ্দেশ্যে প্রতারণার আশ্রয় নিয়ে ২য় বার ভোটার হন, যা ভোটার তালিকা আইন ২০০৯ এর ১৮ ধারার পরিপন্থী এবং দন্ডবিধি ১৮৬০ এর ৪২০ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
রাঙামাটি সদর উপজেলার নির্বাচন অফিসার জাহিদুল ইসলাম জানান, কমিশনের নির্দেশনা মোতাবেক দ্বৈত ভোটারদের বিরুদ্ধে সারাদেশে ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে। পর্যায়ক্রমে দ্বৈত ভোটারদের বিরুদ্ধে মামলার কার্যক্রম অব্যহত থাকবে। এসময় তিনি সকল নাগরিককে সঠিক তথ্য দিয়ে শুধুমাত্র একবার ভোটার হওয়ার আহবান জানান।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, উপজেলা নির্বাচন অফিসারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক দ্বৈত ভোটারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
