শুভ্র মিশু ॥
বাংলাদেশ যেন আবারো অস্থিরতার মধ্যে পড়ে, দেশে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকে এই জন্য বার বারই সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ঘরে আগুন দেয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এই সকল অপশক্তির বিরুদ্ধে সরকার বসে নেই। এই সকল অপশক্তিকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাঙামাটিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।
এইসময় তিনি আরো বলেন, ইস্যু তৈরির জন্য সবচেয়ে সহজ বিষয় সাম্প্রদায়িক সংঘর্ষ ঘটানো। আর সেটা যাতে সহজে ঘটাতে না পারে সে জন্য সকলকে সজাগ থাকতে হবে। আমাদের প্রধানমন্ত্রী সব সময় বলেন ‘ধর্ম যার যার উৎসব সবার’। তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সব সময় অবস্থান নেন। সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে চলেছে। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার নিন্দা জানান তিনি।
ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮তম জন্মতিথি উদযাপন উপলক্ষে রাঙামাটিতে নানা আনুষ্ঠানিকতা আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটি শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সনাতনী সমাজের ব্যানারে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।
আলোচনা সভায় জন্মাষ্টমী উদযাপন সমন্বয় কমিটির সমন্বয়কারী বাবলা মিত্রের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটির সভাপতি অমর কুমার দে, রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন, রাঙামাটি জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রাঙামাটির সভাপতি দীপন ঘোষ। এতে স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত।

আলোচনা সভায় নিখিল কুমার চাকমা বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, তিনি কখনো উগ্র সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেবেন না। আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে হামলা চালনো হচ্ছে। সরকার এই সকল ঘটনার বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছে। আমরা বিশ^াস করি জাতির জনক শেখ মুজিবুর রহমানের যে বাংলাদেশ সে দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ সে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। এই বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সকল সম্প্রদায়ের উপাসনালয়ের উন্নয়নে সে সকল প্রকল্প হাতে নেয়া হয়েছে তা সঠিকভাবে বাস্তবায়ন করা হবে তিনি জানান।
আলোচনা সভা শেষে একটি মঙ্গল শোভাযাত্রা শাহ বহুমুুখী উচ্চ বিদ্যালয় মাঠ হতে শুরু হয়ে শহরের প্রধান সড়ক হয়ে জেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ধর্মীয় ও বাহারি সাজে শহরের বিভিন্ন মঠ মন্দির স্ব স্ব ব্যানারে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, করোনার জন্য গত দুই বছর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়নি। এর আগে দুই বছর রাঙামাটিতে সনাতনীদের দুই গ্রুপে বিভক্ত হয়ে দুইটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছিল। এবছর সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আবারো একত্রিত হয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
