দেশব্যাপি ধর্ষণ, ধর্ষণ পরবর্তী হত্যা ও যৌন অত্যাচারসহ নারীর বিরুদ্ধে সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে ও প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে পার্বত্য শহর রাঙামাটিতে।
মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন উন্নয়ন সংস্থার আয়োজেন ঘন্টাব্যাপি এই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।
গ্রীনহীল, হিমোওয়ান্তি, ওয়েভ, প্রোগ্রেসিভ, আশিকা,বাংলাদেশ মহিলা পরিষদসহ প্রায় ২০টি সংগঠন এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলো।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় হিমোওয়ান্তি নির্বাহী পরিচালক টুকু তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আইনজীবি সুস্মিতা চাকমা, বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য মিনারা আক্তার, সাংবাদিক হরি কিশোর চাকমাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগন।
হিমোওয়ান্তি নির্বাহী পরিচালক টুকু তালুকদার বলেন, সারা দেশে আশঙ্কা জনকভাবে নারীর প্রতি সহিংসতা বেড়ে গেছে। নারীরা কোথাও এখন নিরাপদে চলতে পারছে না। এমনকি কর্মস্থলেও নারীরা নিরাপদে কাজ করতে পারছে না। পাহাড় এবং সমতলে কোথায় নারী নির্যাতনের ঘটনায় সুষ্ঠ বিচার না হওয়ায় দিন দিন নির্যাতনের হার বেড়েই চলছে। সারাদেশে গত এক বছরে ৬০০টির বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। নারী নির্যাতন রোধে নারীদের পাশাপাশি পুরুষদেরও এগিয়ে আসতে হবে। সকলের সম্মেলিত প্রচেষ্টার আগামী সুন্দর বাংলাদেশ গড়তে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে।
