পাহাড় ও সমতলে নারী-শিশু নির্যাতন, ধর্ষণ-যৌন সহিংসতার সুষ্ঠু বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পার্বত্য জেলা রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘রাঙামাটি স্বেচ্ছাসেবী সংগঠন’র ব্যানারে ঘন্টাব্যাপি এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন- রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন, রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন আক্তারসহ রাঙামাটিতে স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন বলেন, সারাদেশসহ তিন পার্বত্য জেলায় প্রতিনিয়ত নারীরা ধর্ষণ-যৌন নিপীড়নের শিকার হচ্ছে। নারীরা আজ কোথাও নিরাপদ নয়। আমাদের মা-বোনদের ওপর এমন বর্বর নির্যাতন মেনে নিতে পারিনা। এসব ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ার কারণে এ ধরনের ঘটনা বেড়েই চলছে। ধর্ষণের বিচারের ক্ষেত্রে আরো কঠোর হতে প্রশাসনের প্রতি জোর দাবিও জানান।
রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন আক্তার বলেন, ধর্ষকের জাতিগত কোন পরিচয় নেই। প্রতিনিয়ত নারীর প্রতি সহিংসতা, ধর্ষন ও হত্যার ঘটনা বেড়েই চলেছে। তাই অবিলম্বে পার্বত্যাঞ্চলসহ সারা দেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন নিপীড়নকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ধর্ষকদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকারকে এগিয়ে আসতে হবে। আর সমাজের সবাই যদি একই সঙ্গে সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায় তাহলেই সমাজ থেকে এ ব্যাধি দূর করা সম্ভব হবে। সেই সঙ্গে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ায় আহ্বান জানান।
এসময় বক্তারা পাহাড় ও সমতলে নারী প্রতি সহিংসতা বন্ধ, ধর্ষণ-যৌন নিপীড়নের বিচার দাবি এবং এসব বর্বর ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
আয়োজকরা জানিয়েছেন মানববন্ধনে রাঙামাটিতে কর্মরত ১৫ টিরও অধিক সংগঠন অংশগ্রহণ করেছে।
