মহালছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির নানিয়ারচর ও খাগড়াছড়ির মহালছড়ি সীমান্তবর্তী উপজেলার দুর্গম জনপদ দেওয়ান ছড়া ও আশপাশের গ্রামের ছিন্নমুল-অসহায়-দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রাঙামাটি জেলার স্থানীয় কয়েকটি স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার সকাল ১১ টায় দেওয়ানছড়া গ্রামে গিয়ে উন্মেষ, জুবদা, সাবাঙ্গী ও সিএইচটি রিসাইকেল বিন নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দদের উপস্থিতিতে শতাধিক ছোট বড় নারী ও পুরুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শীতবস্ত্র বিতরণের মাধ্যমে প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষদেরকে উষ্ণ ভালোবাসা জানাতে সংগঠনগুলো থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। সংগঠনগুলো জন্মলগ্ন থেকেই দুর্গম এলাকার প্রান্তিক জনগোষ্ঠির গরীব ও অসহায় মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে জানান সংগঠনের নেতৃবৃন্দ।
