খাগড়াছড়ির তবলছড়ি-পানছড়ি সড়কের মরাটিলা এলাকায় শুক্রবার মাঝরাতে একটি কাচাঁমালবাহী ট্রাক (চট্ট মেট্রো ট- ১১- ৬৩২৪), আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। এতে প্রায় ৬ লক্ষ টাকার বিভিন্ন ভোগ্যপণ্য পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবী ব্যবসায়ীদের।
পানছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম জানান, তুলনামূলক অধিক নিরাপদ পথ ভেবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পণ্য খাগড়াছড়ি হয়ে পানছড়ি না এনে, মাটিরাঙ্গা-তবলছড়ি হয়ে পানছড়ি আসছিলেন। সন্ত্রাসীদের চাঁদা না দেয়া ও অলিখিত নিষেধাজ্ঞা অমান্য করে একসাথে অনেক মালামাল আনায় এই ঘটনা ঘটায়। এ’ঘটনার জন্য আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে সন্দেহ করছে ব্যবসায়ীগণ।
এদিকে গত ২০ মে থেকে দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের বিরোধে পানছড়ি বাজার বয়কট কর্মসূচি চলে আসছে। বাজার বয়কটের কারণে আগের মতো ঢালাওভাবে স্থানীয় পাহাড়ি ক্রেতা-বিক্রেতারা বাজারে আসতে পারছেন না।এমনিতে সব ধরনের পণ্য পরিবহনে রয়েছে অঘোষিত নিষেধাজ্ঞা। চাঁদা দিয়ে সীমিত পরিসরে রাঁতের আঁধারে কিছু মালামাল আনা গেলেও তা খুবই ঝুঁকিপূর্ণ বলে জানান বাজার ব্যবসায়ীগণ। তবে প্রাণ ভয়ে ঘটনার প্রতিবাদে কেউ মুখ খুলতে নারাজ।
পানছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।
প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালের ২৩ জানুয়ারী দূর্বৃত্তদের রাঙামাটির নানিয়ারচরের কেঙ্গালছড়ি এলাকায় পণ্যবাহী দুইটি ট্রাকে অগ্নিসংযোগ করেছিল।প্রায় চাঁদাবাজির কারণে নিয়মিত চাঁদা শোধ না করলে এইভাবে পণ্যবাহি গাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে থাকে।
