‘দুর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি’ এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাঙামাটিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাঙামাটি পৌরসভা চত্ত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল, এডিসি তাপস শীল, রোভার স্কাউটস’র সাধারণ সম্পাদক আবছার আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল জামান, শাহিদা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ হচ্ছে প্রকৃতির সৃষ্টি। কবে, কোথায় হবে কেউ জানে না। রাঙামাটি গত কিছুদিন আগে যে পাহাড় ধস হয়েছিলো তাও কেউ জানতো না। এমন ক্ষয়ক্ষতি হবে তাও কারো কাম্য ছিলো না।
বক্তারা আরো বলেন, দুর্যোগ মোকাবেলার জন্য আমাদের সকলের প্রস্তুত থাকতে হবে। সে জন্য এবারের যে শ্লোগান তা অনুসরণ করতে হবে। দুর্যোগ সহনীয় আবাস গড়ে তুলতে হবে এবং আবাস গড়ে তোলার ক্ষেত্রে সকলের সচেতন হতে হবে। তাহলেই পাহাড় ধসের মত দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে বলে মন্তব্য করেন বক্তারা।
