খাগড়াছড়ি জেলার দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ (প্রসিত খীসা) গ্রুপের সাংগঠনিক কর্মী ধর্মজয় ত্রিপুরা (২৮) নিহত হয়েছে। সে ওই এলাকার সুখী চরণ ত্রিপুরার সন্তান। আজ (রবিবার) সকাল ৮টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত হাজাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রবিবার সকালে বাড়ি থেকে বের হতেই অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালালে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
অবশ্য ইউপিডিএফ এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিশেষ মহলের মদদপুষ্ট জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রæপ এবং ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে এই হত্যাকান্ড ঘটিয়েছে।
প্রসীত খীসার নেতৃত্বাধীন মূল ইউপিডিএফ এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব জানান, খবরটি তিনি শুনেছেন। লাশ উদ্বারের জন্য পুলিশ ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে। এই ঘটনায় যারাই জড়িত থাকুক, তা খতিয়ে দেখবে পুলিশ। মূলত: এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে এই হত্যাকান্ডটি ঘটে থাকতে পারে।
প্রসঙ্গত, বিবাদমান আঞ্চলিক দলগুলোর বিরোধে খাগড়াছড়িতে প্রায়ই হতাহতের ঘটনা ঘটছে।
