কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের দুর্গম সীতাপাহাড় মারমা পাড়ায় বুধবার প্রথমবারের মতো উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তি হিসেবে পদচিহ্ন পড়লো উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৫০০ ফুট উপরে অত্যন্ত দুর্গম এই পাড়ায় প্রায় ৬০ পরিবারের বসবাস। এ পাড়ায় মহিলাদের মাঝে চাদর, শিশুদের মাঝে খাবার আর টিসিবির বাছাইকৃত উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড বুঝিয়ে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। বুধবার বেলা সাড়ে ১১ টায় তিনি ঐ এলাকায় ১৫টি পরিবারের মাঝে এই উপকরণ বিতরণ করেন। সীতাপাহাড় চূড়ায় অবস্থিত প্যাগোডার জন্য খাদ্য সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
এছাড়া একইদিন সকাল সাড়ে নয়টায় তিনি রাইখালী ইউনিয়নের ডলুছড়ি পাড়ায় হেডম্যানের বাড়ির উঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত তথ্য আপা প্রকল্পের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর অর্থায়নে অনুষ্ঠিত উঠান বৈঠকের সভাপতিত্ব করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি), কাপ্তাই, মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সামশুল আলম চৌধুরী, উপজেলা খাদ্য কর্মকর্তা নিপু চাকমা, মৌজা হেডম্যান উবাথোয়াই চৌধুরী, চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামে ম্যানেজার বিজয় মারমা, ইউপি সদস্য মো. সেলিম।
