মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি ॥
রাঙামাটি জেলার বাঘাইছড়ির খেদারমারা ইউনিয়নে দুরছড়ি বাজারে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন। বুধবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে অগ্নি দুর্গতদের হাতে নগদ তিন হাজার করে টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, সারোয়াতলী ইউপি চেয়ারম্যান তুষার কান্তি চাকমা, দুরছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি মদন মল্লিক, সাধারণ সম্পাদক সুমনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় দুরছড়ি বাজারে অগ্নিকান্ডে পুরোপুরি ক্ষতিগ্রস্ত নয় দোকান মালিককে, বাবুপাড়ার ২ জনকে, প্রাথমিকভাবে নগদ তিন হাজার করে টাকা প্রদান করা হয়েছে।
এসময় বাঘাইছড়ি উপজেলা পরিষদের পক্ষ থেকে বাজারের জন্য অগ্নিনির্বাপণ যন্ত্র ও পানির পাম্প দেওয়ার ঘোষণা দেয় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন জানান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রিয়নন্দ চাকমা আশ্বস্ত করেন আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করবেন।
প্রসঙ্গত, গত সোমবার রাত ৯ টার দিকে দুরছড়ি বাজারে ভয়াবহ আগুনে নয়টি দোকান পুরোপুরি ও ১১টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
