পার্বত্য খাগড়াছড়ি জেলার দীঘিনালায় প্রত্যন্ত এলাকার সহ¯্রাধিক দরিদ্র অসহায় রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দিয়েছে দীঘিনালা সেনাজোন। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বাবুছড়ামুখ উচ্চ বিদ্যালয়ে এ সেবা পদান করা হয়।
সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্যবিধি মেনে, শারীরিক দূরত্ব বজায় রেখে টোকেন দেওয়া, চিকিৎসাসেবা, রোগী দেখা, এবং ওষুধ বিতরণ করা হচ্ছে। তার আগে উপজেলার ৫ ইউনিয়নের দুর্গম এলাকা থেকে আগত রোগীদের শৃঙ্খলার মধ্যে রেখে জীবানুনাশক ওষুধ স্প্রে এবং হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়।
চিকিৎসা নিতে আসা বাঘাইছড়িমুখ এলাকার মনিকা চাকমা (৫০) জানান, তিনি দুইমাস যাবৎ হাত-পায়ের জয়েন্ট ব্যাথায় ভুগছিলেন। এখানে এসে অতি সহজে চিকিৎসাসহ বিনামূল্যে ওষুধ পেয়ে খুবই উপকৃত হয়েছেন। একই অনুভূতি জানায় নৌকাছড়া এলাকার সমিতা চাকমা (৩৮)। এছাড়া সাধনাটিলা এলাকার রিসা চাকমা (২৮) জানান, তিনি এসেছেন দুই বছর বয়সী সন্তান তিস্তা চাকমাকে ডাক্তার দেখাতে, তিনি নিজেও রোগী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খাগড়াছড়ি রিজিয়ন ও ৫ফিল্ড অ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় দীঘিনালা জোনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। ১ হাজার ২০জন রোগীকে চিকিৎসা প্রদানে ৫টি বুথে ৫জন চিকিৎসক দায়িত্ব পালন করেন। তার মধ্যে ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের ২জন চিকিৎসক ডা. মেজর রাশা রহমান ও ডা. ওয়াজেদুল মাহমুদ আসিফ, দীঘিনালা জোনের ডা. ক্যাপ্টেন আহসান হাবিব নোমান এবং দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. আনিসুর রহমান। সাথে ছিলেন উপসহকারী চিকিৎসা কর্মকর্তাগণ।
মেডিকেল ক্যাম্পিং এর সমন্বয়ক জোনের জোনাল ষ্টাফ অফিসার মেজর মো. সাকিব হোসেন জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন ধরণের কর্মসূচির আওতায় দীঘিনালায় এ কর্মসূচি পালন করা হয়। দুর্গম এলাকার দরিদ্র রোগীদের চিকিৎসা এবং ওষুধ নিশ্চিত করার উদ্দেশে এ মেডিকেল ক্যাম্পেইন করা হয়।
