জেলার দীঘিনালায় সামান্য ঝগড়াকে কেন্দ্র করে এক নারীকে দা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে প্রতিবেশি আরেক নারী। একই ঘটনায় আহত হয়েছে ওই নারীর দুই মেয়ে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার জামতলি এলাকায় এ ঘটনা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আহত নুরুন্নাহারকে (৩৫) আশঙ্কাজনক রাতেই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে নুরুন নাহারের মেয়ে সাদিয়া আক্তার (১৫) এবং সাত মাস বয়সী সাফিয়া আক্তার। হামলাকারী জরিনা বেগমকে (৪০) গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। উদ্ধার করা হয়েছে ধারালো দা’টি।

স্থানীয় আরমান হোসেন জানান, নুরুন নাহার জামতলি এলাকার সৌরভের স্ত্রী এবং জরিনার বেগম একই এলাকার আইনুল হকের স্ত্রী। দুই নারীর পরিবারের মধ্যে জায়গার সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার স্থানীয়ভাবে সালিশি বৈঠকও হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে দুই নারীর মধ্যে ঝগড়া হয়েছিল। রাতে নুরুন নাহার খাটে শুয়ে তার শিশু সন্তানকে দুধ খাওয়াচ্ছিলেন। তখন জরিনা ধারালো দা হাতে গিয়ে কুপাতে থাকে । এতে নুরুন নাহারের গলা ও মাথায় গভীর ক্ষত হয়। ফিরাতে গিয়ে হাতে কোপ লাগে নুরুন নাহারের কিশোরি মেয়ে সাদিয়ার। ছিটকে পরে আহত হয় কোলের শিশু সাফিয়া।
তাদের চিৎকারে প্রতিবেশিরা উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক নুরুন নাহারকে জেলা সদরে স্থানান্তর করা হয়; সেখান থেকে রাতেই আবার পাঠিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রাম হাসপাতালে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আক্রান্তের স্বামী সৌরভ বাদি হয়ে মামলা করেছেন এবং আটক জরিনাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
