খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে দুই ইউপিডিএফকর্মী নিহত হয়েছে। ঘটনাটি আজ (মঙ্গলবার) সকাল পৌনে ৯টায় উপজেলার দীঘিনালা ইউনিয়নের মধ্যবানছড়া এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব। নিহতরা হলেন, মধ্যবানছড়া এলাকার বীরেন্দ্র মোহন চাকমার ছেলে সুদীব্য চাকমা (৩৫) এবং নন্দেশ্বর কার্বারী পাড়ার সুশীল চাকমার ছেলে এঞ্জেল চাকমা ওরফে বাবু (৩৭)।

জানা যায়, মধ্যবানছড়া এলাকার দীলিপ চাকমার বাড়িতে সকালে নিহত দুইজন বসে দাবা খেলছিলেন। সেসময় প্রতিপক্ষের একটি সশস্ত্রদল সেখানে গিয়ে প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে নিহত দুইজনেই দৌড় দেয়। তখন তাদের লক্ষ্য করে ব্রাশ ফায়ার করা হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।
এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক ও গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা মঙ্গলবার এক বিবৃতিতে খাগড়াছড়ির দীঘিনালায় সন্ত্রাসী হামলায় একজন ইউপিডিএফ সদস্য ও অন্য একজন সাধারণ গ্রামবাসী নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে ইউপিডিএফ নেতা উক্ত হামলাকে কাপুরুষোচিত, ন্যাক্কারজনক ও একটি জঘন্যতম অপরাধ বলে মন্তব্য করে দায়ি সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
তিনি বলেন, ‘১৯৭১ সালে হানাদার পাকিস্তানীরা রাজাকার-আলবদর দিয়ে এ দেশের জনগণের স্বাধীনতার স্পৃহা ও মুক্তিযোদ্ধাদের দমন করতে পারেনি, বর্তমানে পার্বত্য চট্টগ্রামে জুম্ম রাজাকার দিয়েও জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করা যাবে না।’
বিবৃতিতে জানানো হয়, ‘ঘটনার সময় তারা দু’জনে বাড়ির উঠোনে বসে দাবা খেলা খেলছিলেন।’
