দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় মঙ্গলবার ভোরে যৌথবাহিনীর অভিযানে ২টি পিস্তল, গুলিসহ ইউপিডিএফের (প্রসিত) চার কর্মীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে নগত প্রায় ৬লাখ টাকাসহ বিভিন্ন সরাঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায় আটককৃতরা, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলি ইউনিয়নের হাগলাছড়া গ্রামের প্রিয় রঞ্জন চাকমার ছেলে বিধু ভূষণ চাকমা ওরফে অনিক (৫১), খাগড়ছড়ির দীঘিনালা উপজেলার দীঘিনালা ইউনিয়নের মধ্যবানছড়া গ্রামের চন্দ্র দেব চাকমার ছেলে সমর বিজয় চাকমা ওরফে ভালো ওরফে নিবেদন চাকমা (৩৬), একই ইউনিয়নের ভিতর বানছড়া গ্রামের মৃত জীতেন্দ্রলাল চাকমার ছেলে পূর্ন জীবন চাকমা ওরফে দিগন্ত চাকমা (৪২), একই উপজেলার কবাখালি ইউনিয়নের কৃপাপুর গ্রামের মৃত আরনন্দ চাকমার ছেলে প্রত্যয় চাকমা ওরফে প্রীতি (৪২)।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে দীঘিনালা ইউনিয়নের ভিতর বানছড়া এলাকার পরাজয় চাকমার বাড়ির পাশের সেগুন বাগান থেকে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে আটককৃতদের নিকট থেকে ২টি পিস্তল যার ১টি অ্যামেরিকার তৈরি, ৩টি ম্যাগাজিন, ৪০ রাউন্ড পিস্তলের গুলি, নগদ ৫লাখ ৭৪হাজার ৫২১টাকা, ৮টি মোবাইল ফোন, ১০টি সীম, তাদের ব্যাবহৃত ব্যাগ এবং চাঁদা আদায়ের রশিদ বই জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে বুধবার থানায় অস্ত্র আইনে ১টি এবং চাঁদাবাজির অভিযোগে ১টি মামলা দ্বায়ের করা হয়েছে।
এদিকে এক ই-মেইল বার্তায় সংগঠনের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাদের ৪কর্মীকে আটকের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তি দাবী করেছেন।
Previous Articleস্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হওয়ায় খাগড়াছড়িতে আনন্দর্যালি
Next Article সাংবাদিক নির্যাতন বন্ধের দাবীতে বান্দরবানে মানববন্ধন
