রাঙামাটি জেলা প্রশাসক প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেছেন, নারী উন্নয়নে মাঠ পর্যায়ে সরকারের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলাবিষয়ক অধিদপ্তর সরকার কর্তৃক গৃহীত নারী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম-কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তন্মধ্যে তৃণমূল পর্যায়ের নারীদের সার্বিক উন্নয়ন ও দারিদ্র্য নিরসন কল্পে এবং তাদেরকে আর্থ-সামাজিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এতে করে প্রতি বছর দরিদ্র নারীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হচ্ছে। তবে আপনাদের দেয়া অনুদানের টাকা দিয়ে সঠিক কাজ করবেন। এতে করে আস্তে আস্তে হতদরিদ্র নারীদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটেবে। এতে করে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টিসব কিছু আস্তে আস্তে বাড়বে এবং বাংলাদেশ যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তেমনি আপনারাও যে যেখানে থাকনে না কেন বাংলাদেশের উন্নয়নের সাথে আপনারাও এগিয়ে যাবেন।
মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলাবিষয়ক অধিদপ্তর নিবন্ধিত ২০১৯-২০ অর্থ বছরে অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মধ্যে ডিজিটাল প্লাটফর্মে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হোসনে আরা বেগমসহ অন্যান্যরা।
এর আগে মহিলা ও শিশু বিষয়ক মন্তণালয়ের প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি কেন্দ্রীয়ভাবে মহিলাবিষয়ক অধিদপ্তর নিবন্ধিত ২০১৯-২০ অর্থ বছরে অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ডিজিটাল প্লাটফর্মে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
