করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে যখন হাহাকার চলছে তখনো চলছে অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতা। করোনা পরিস্থিতির মাঝে রমজান মাসে পণ্যের চাহিদাকে কেন্দ্র করে যাতে কোন দোকানি পণ্যের দাম বাড়াতে না পারে সে জন্য রাঙামাটির শহরে নিয়মিত পরিচালিত হচ্ছে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট।
রবিবার সকালে শহরের বনরুপা ও রিজার্ভ বাজারে পরিচালিত হয়েছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। চার প্রতিষ্ঠানকে বিভিন্ন দ্রব্যের দাম বেশি রাখায় ১৩হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এতে শহরের রিজার্ভ বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর একটি টিম।
এইসময় রিজার্ভ বাজারের প্রধান সড়ক, কাঁচাবাজার, চেঙ্গীমুখ পরিদর্শন করে দুই মুদিদোকানীকে দ্রব্যমূল্যের দাম স্বাভাবিকের চেয়ে বেশি রাখায় একজনকে পাঁচ হাজার করে দুইজনকে দশ হাজার টাকা জরিমানা করে এই ভ্রাম্যমান আদালত।
অপর দিকে জেলা প্রশাসনের আর এক নির্বাহী ম্যাজিস্ট্রেট সকিনা আক্তারের নেতৃত্বে শহরের বনরুপায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর পৃথক একটি টিম।
সেখানেও দ্রব্যমূল্যের দাম স্বাভাবিকের চেয়ে বেশি রাখায় দুই মুদিদোকানিকে এক হাজার পাঁচশত টাকা করে দুইজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম জানান, রমজান মাসকে কেন্দ্র করে যাতে কেউ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করতে না পারে সে জন্য আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। আমি দ্রব্য মূল্যের দাম বেশি রাখায় রিজার্ভবাজারে দুই মুদি দোকানিকে দশ হাজার টাকা জরিমানা করেছি।
প্রসঙ্হত, প্রায় নিয়মিতই মোবাইল কোর্ট পরিচালনা করছে রাঙামাটি জেলা প্রশাসন। পণ্যের দাম নিয়ন্তনে তাদের আপ্রান চেষ্টা সত্ত্বেও নিয়ম মানছেন না বেপরোয়া ব্যবসায়িরা।
