বান্দরবানের থানচি উপজেলায় একটি চাঁদের গাড়ি খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার জন আহতের হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্যবসায়ী সস্তোষ চাকমা (৩৯) এবং শ্রমিক মোহাম্মদ কালাম (২৪)। আহতদের মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ খালেক (৪৫)। তবে তাৎক্ষনিক অন্যদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের জীবননগর এলাকায় সিমেন্ট বোঝাই একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও চার জন আহত হয়। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীসহ স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া অং মারমা বলেন, বান্দরবান থেকে সিমেন্ট বোঝাই করে চাঁদের গাড়িটি বলিপাড়া হয়ে থানছি যাচ্ছিল। জীবননগরে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। কাদে পড়ে গাড়িটি ভেঙে চুরমার হয়ে গেছে। ঘটনাস্থলেই গাড়িতে থাকা দুইজন মারা গেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়রুল হক জানান, ‘সড়ক দুর্ঘটনায় দুই জন মারা গেছে। হতাহতদের উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’