বান্দরবানের থানচিতে ভয়াবহ আগুনে বড় মদক বাজারের ২০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের বড় মদক বাজারে চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহূর্ত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে বড় মদক বাজারের ছোটবড় ২০টি দোকান। এসময় আশপাশের আরও ২২টি দোকান ও বাড়িঘর আগুন নিভাতে গিয়ে গ্রামবাসীরা ভেঙ্গে ফেলেছে। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পাড়াবাসী।
রেমাক্রি ইউপি চেয়ারম্যান মুসুথোয়াই মারমা রনি জানান, দোকানের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। আগুনে বড় মদক বাজারের দোকানসহ আশপাশের ৪৫টির মত দোকান ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা ছাড়িয়ে যাবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, বড় মদক বাজারে আগুনে ২০টি দোকান এবং পার্শ্ববর্তী অনেক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে একটি পুলিশের একটি টিম নদীপথে ঘটনাস্থলে গেছেন।
