খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে ত্রিপুরাদের নববর্ষ ত্রিং ১৪৩৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ছোটবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভাইবোনছড়া কলেজ হয়ে ভাইবোনছড়া বাজারের ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন ত্রিং উদযাপন কমিটি আহ্বায়ক অরুণ জ্যোতি ত্রিপুরা। এসময় বিভিন্ন এলাকার ত্রিপুরা জনগোষ্ঠীর হাজারের অধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। এছাড়াও দিবসটি উপলক্ষে ত্রিপুরা জনগোষ্ঠীর বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য যে, রাজা হামতরফা ১৪৩২ বছর আগে ত্রিপুরাদের ত্রিপুরাব্দ প্রচলন করেছিলেন। তখন থেকে ত্রিপুরারা ২২ ডিসেম্বর এই ত্রিং উৎসব পালন করে আসছেন।
